Home / খবর / জেলায় জেলায় / বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিহারে অবৈধ অস্ত্র কারখানায় এসটিএফের হানা, গ্রেফতার ৫

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিহারে অবৈধ অস্ত্র কারখানায় এসটিএফের হানা, গ্রেফতার ৫

আসনসোল: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অবৈধ অস্ত্র চোরাচালান নিয়ে ফের উদ্বেগ বাড়ল।

গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিহারের ভাগলপুর জেলার মধুসূদনপুর থানা এলাকায় চলতে থাকা একটি অবৈধ অস্ত্র কারখানার সন্ধান পায়। পরবর্তীতে বিহার পুলিশের এসটিএফ ও স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়।

ঝুঁকিপূর্ণ এই অভিযানে কারখানা ঘরের মালিক মহম্মদ নাসির আনসারী-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একটি স্পিনিং মিলের আড়ালে গোপনে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারবার চলছিল।

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে কুড়িটি অর্ধসমাপ্ত ৭.৬৫ এমএম পিস্তল, আটটি পিস্তলের ব্যারেল, লেদ মেশিন, ড্রিল মেশিন-সহ আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম।

পুলিশ আধিকারিকদের অনুমান, এই উচ্চমানের অস্ত্র তৈরির পেছনে একটি সক্রিয় পাচারচক্র কাজ করছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কলকাতার গড়িয়াহাট এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকেই ভাগলপুরে অবস্থিত এই অস্ত্র কারখানার তথ্য মেলে। সেই সূত্র ধরেই পশ্চিমবঙ্গ ও বিহার এসটিএফ এবং ভাগলপুরের স্থানীয় থানার পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
পুলিশের আশঙ্কা, উদ্ধার হওয়া প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রগুলি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় ব্যবহার করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের।

বর্তমানে তদন্তকারীরা এই অস্ত্র চক্রের মূলচক্রী, সরবরাহ নেটওয়ার্ক এবং সম্ভাব্য রাজনৈতিক যোগাযোগের দিকগুলি খতিয়ে দেখছেন। তদন্ত চলাকালীন যে সব নথি ও তথ্য সামনে এসেছে, তার ভিত্তিতে আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে বলে পুলিশ মহল সূত্রে জানা গেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *