আসানসোল : রাজ্য সরকার রাজ্যের হকারদের পাশে দাঁড়ানো ও তাদেরকে স্বনির্ভর করার জন্য একটি নতুন প্রকল্প “হকার লোন ২০২৫” চালু করেছে। নতুন এই প্রকল্প নিয়ে মঙ্গলবার আসানসোল পুরনিগমের কনফারেন্স হলে একটি সভা অনুষ্ঠিত হয়।
রাজ্য সরকারের এই নতুন প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকার হকারদের উন্নয়নের জন্য একটি নতুন প্রকল্প তৈরি করেছে। এর আওতায়, প্রথম পর্যায়ে খুব কম সুদে ১৫ হাজার টাকা ঋণ প্রদান করা হবে। তা এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তা পরিশোধের পরে, আরও ২৫ হাজার টাকা ঋণ দেওয়া হবে। তা ১ বছর ৫ মাসের মধ্যে পরিশোধ করে দিলে তিন বছরের জন্য সর্বোচ্চ ৫০ হাজার ঋণ দেওয়া হবে। এই ঋণের জন্য হকারদেরও ৭% ছাড় দেওয়া হবে।
তিনি আরও বলেন, স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা বা খুব ছোট ব্যবসায়ীরা এই ঋণের সুবিধা নিতে পারবেন। কেউ যদি এখন আবেদন করেন, তাহলে তিনি প্রায় এক সপ্তাহের মধ্যে প্রথম পর্যায়ের ঋণ পেয়ে যাবেন।










