Home / খবর / জেলায় জেলায় / সোনারপুরের জলাভূমি এ বার হয়ে গেল ‘পুষ্টি বাগান’

সোনারপুরের জলাভূমি এ বার হয়ে গেল ‘পুষ্টি বাগান’

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর: আবার রাসায়নিককে ফেলে সামনে চলে আসছে জৈব চাষ।আর জৈব পদ্ধতিতে গড়ে উঠছে পুষ্টি বাগান, মহিলাদের হাতে নতুন আয়ের দিশা। পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি এলাকায় বাড়িতেই পুষ্টি বাগান তৈরির অভিনব উদ্যোগ নিয়েছে ‘শস্য শ্যামলা কৃষি বিকাশ কেন্দ্র’।এর ফলে স্থানীয় মহিলাদের সামনে খুলে গিয়েছে আয়ের নতুন পথ।

বাড়ির লাগোয়া ফাঁকা জায়গা, পুকুরপাড় বা যে কোনও ব্যবহারহীন স্থানে লাগানো হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি।লাল শাক, মুলো শাক,সরষে শাক, মটর শাক, পালং শাকের পাশাপাশি চাষ করা হচ্ছে ঢেঁড়স, বেগুন, ওলকপি সহ নানান আনাজ। সোনারপুর ব্লকের খেয়াদহ অঞ্চলে নেওয়া হয়েছে এই উদ্যোগ ৷

এলাকার জল ও মাটির গুণমান পরীক্ষা করে কোন জায়গায় কীভাবে চাষ করা হবে—তার সঠিক পরামর্শ দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। প্রয়োজনীয় দিক নির্দেশ থেকে শুরু করে জৈব চাষের উপর প্রশিক্ষণ, সবেতেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। সমষ্টিগতভাবে এবং ব্যক্তিগত উদ্যোগে বহু মহিলা ইতিমধ্যেই এই পুষ্টি বাগান প্রকল্পে যুক্ত হয়েছেন।শুধু চাষ নয়, বাড়িতেই জৈব সার তৈরির পদ্ধতিও চালু করা হয়েছে।

রান্নাঘরের নিত্য ব্যবহৃত বর্জ্য থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব জৈব সার।ফলে চাষের খরচ কমছে, বাড়ছে উৎপাদন। উৎপন্ন ফসল নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়িতেই ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি উদ্বৃত্ত শাকসবজি বিক্রি করেও আয় করছেন এলাকার মহিলারা।

এই উদ্যোগ শুধু আর্থিক স্বনির্ভরতার পথই খুলে দেয়নি বরং পরিবেশ রক্ষা ও স্থিতিশীল কৃষির দিশাও দেখাচ্ছে সোনারপুরের মানুষকে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *