Home / খবর / জেলায় জেলায় / রেলপাড় ইস্যুতে তীব্র ক্ষোভ, আসানসোল উত্তর থানায় স্মারকলিপি জমা জিতেন্দ্র তিওয়ারির

রেলপাড় ইস্যুতে তীব্র ক্ষোভ, আসানসোল উত্তর থানায় স্মারকলিপি জমা জিতেন্দ্র তিওয়ারির

আসানসোল : রেলপাড় এলাকার একাধিক সমস্যা ও অভিযোগকে কেন্দ্র করে শনিবার আসানসোলে উত্তেজনা ছড়াল। বিজেপি নেতা ও আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে শনিবার রেলপাড় এলাকায় বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ শেষে আসানসোল উত্তর থানায় স্মারকলিপি জমা দেন তাঁরা।

মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্তা সহ একাধিক নেতা–কর্মী।

জিতেন্দ্র তিওয়ারির দাবি, রেলপাড় এলাকায় সম্প্রতি আর্থিক দুর্নীতির ঘটনা সামনে এসেছে। এই মামলায় অন্যতম অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছিল। কিন্তু তাঁকে একের পর এক থানায় ঘোরানো হলেও এখনও পর্যন্ত আত্মসাৎ করা কোটি কোটি টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

তাঁর অভিযোগ, “অভিযুক্ত বহু মানুষের টাকা মেরে দিয়েছে। কিন্তু সেই টাকা আজও উদ্ধার হয়নি। পুলিশ কেন উদ্ধার করতে পারছে না, তার জবাব চাই আমরা।”

আসানসোল রেল স্টেশন থেকে রেলপাড় এলাকায় সংযোগকারী সেতুর অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে দাবি করেন প্রাক্তন মেয়র। দ্রুত মেরামতের আবেদন জানান তিনি।

তাঁর আরও অভিযোগ, “রেলপাড় এলাকায় মাদকের দাপট এমন জায়গায় পৌঁছেছে যে এখানে দুধের চেয়ে মাদক সহজে পাওয়া যায়। মাদক ব্যবসায়ীরা এলাকার তরুণদের টার্গেট করছে। প্রকাশ্যেই মদ বিক্রি হচ্ছে, কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।”

সব দাবি সহ একটি বিস্তারিত স্মারকলিপি থানা কর্তৃপক্ষকে তুলে দেওয়া হয়। জিতেন্দ্র তিওয়ারি স্পষ্ট হুঁশিয়ারি দেন—
“৭২ ঘণ্টার মধ্যে আমাদের দাবিগুলির বিষয়ে ব্যবস্থা না নিলে আসানসোল উত্তর থানার সামনে লাগাতার বিক্ষোভ চলবে।”

রেলপাড় এলাকার দুর্নীতি থেকে পরিকাঠামো ও মাদক-সংক্রান্ত সমস্যা—সবমিলিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে নজর এখন পুলিশের পদক্ষেপে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *