সালানপুর: নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সালানপুর ব্লকের আল্লাডি মুচিডি অঞ্চলে সাঁওতালি ভাষা দিবস উদযাপিত হচ্ছে। সোমবার সালানপুর ও কুলটি সাঁওতালি যুব সমাজের আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কুলটি জাবেদ হোসেন এবং রূপনারায়ণপুর ওসি অরুণাভ ভট্টাচার্য। তাঁরা সাঁওতাল সমাজের বরেণ্য নেতা ব্যক্তিদের স্মরণ করেন এবং উপস্থিত ছেলে মেয়েদের শিক্ষা সরঞ্জাম ও মানুষজনের হাতে কম্বল বস্ত্র তুলে দেন।
এই আয়োজন উপলক্ষে যুব সমাজের সদস্য বাপি কিস্কু বলেন, তারা মুচিডি গ্রামে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বই পত্র বিতরণ, সম্মানীয় শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন, যারা বিভিন্ন সময়ে রক্ত দান করে জীবন বাঁচিয়েছেন সেইসব রক্তদাতাদের সম্মান জ্ঞাপন এবং এলাকার মাথাস্বরূপ বয়স্ক ব্যক্তিদের বিশেষ সম্মাননা জানানোর পাশাপাশি মধ্যাহ্ন আহারের ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, সাঁওতালি ভাষা দিবস উদযাপনে সালানপুর কুলটি ব্লক অঞ্চলের বহু মানুষ একত্রিত হয়েছেন। এই অনুষ্ঠান আয়োজনে সকল মানুষের সঙ্গেই সক্রিয় ছিলেন দুর্গেশ কিসকু, হেনসর মুর্মু, শ্যামলাল বেসরা, দেবলাল মুর্মু প্রমুখ। এদিন শিক্ষক হিসেবে শৈলেল টুডু, প্রকাশ হাঁসদা, সীমা টুডু, অনিতা কিসকু, সত্য প্রকাশ মুর্মু, সাহেবলাল, বাপি কিস্কুকে সম্মাননা জ্ঞাপন করা হয়।










