Home / খবর / জেলায় জেলায় / কুলটিতে জিটি রোডে ধস, গর্ত ভরাটের কাজ শুরু করলো পূর্ত দফতর

কুলটিতে জিটি রোডে ধস, গর্ত ভরাটের কাজ শুরু করলো পূর্ত দফতর

কুলটি : ১৯ নম্বর জাতীয় সড়কের পাশাপাশি আসানসোলের কুলটিতে জিটি রোডেও ধসের ঘটনা ঘটেছিল। এই ঘটনার কারণে এলাকার মানুষেরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন।

জানা গেছে, সম্প্রতি, আসানসোলের কুলটি থানার নবীনগরের কাছে এ্যান্থনি মোড এলাকায় জিটি রোডে এই ধসের ঘটনা ঘটেছিল। মঙ্গলবার থেকে এই এলাকায় ধসে তৈরি হওয়া গর্ত ভরাটের কাজ শুরু হয়েছে। পূর্ত দপ্তর বা পিডব্লিউডি টিম এসে সেই গর্ত ভরাটের কাজ শুরু করে। আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ মীর হাশিম সেই সময় সেখানে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এই এলাকায় একটি পুরনো কয়লাখনি ছিল। কিন্তু ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএলের অবহেলার কারণে, যখন এই খনিটি বন্ধ করা হয়েছিল, তখন সেটি সঠিকভাবে বালি দিয়ে ভরাট করা হয়নি। যে কারণে এই সমস্ত ঘটনা ঘটছে।

তিনি আরো বলেন, যে গর্তটি তৈরি হয়েছে তা ৮৫ ফুট গভীর। এটি ঠিকভাবে ভরাট না করলে আরও বিপদ বাড়তে পারে। তার কারণে আশেপাশের এলাকাগুলিও প্রভাবিত হতে পারে।

তিনি বলেন, এটা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের কাজ। কিন্তু তারা তাদের কাজ সঠিকভাবে করছে না। যে কারণে পিডব্লিউডিকে এই কাজ করতে হচ্ছে। তিনি পূর্ত বিভাগকে ধন্যবাদ জানান, যারা মানুষের জীবন বাঁচাতে এই কাজ করছেন। দেখা যায়, ছাই দিয়ে গর্ত ভরাটের কাজ করা হচ্ছে। তখন তিনি বলেন, এতে কোনও লাভ হবে না। এই ধরনের গর্ত বালি দিয়ে ভরাট করা হয়। ছাই দিয়ে কিছু হয় না। কারণ বর্ষাকালে ছাই ধুয়ে যাবে।

তবে, এই ভরাট করার কাজ নিয়ে পূর্ত দপ্তরের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *