দুর্গাপুর : রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী সংস্থা আইপ্যাক অফিস ও আইপ্যাক কর্ণধারের বাড়িতে ইডি অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল গোটা বাংলা।
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের ডাক দেওয়া ও তার নির্দেশে এদিন বিকেল থেকে রাজ্য জুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভ ও অবরোধ শুরু হয়েছে। সেই মতো এদিন বিকেলে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এই কর্মসূচিতে ছিলেন উপস্থিত রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করেন শাসক দলের কর্মীরা। তারা বিজেপি বিরুদ্ধে শ্লোগান দেন।
মন্ত্রী বলেন, এসআইআর করে মানুষকে ভয় দেখিয়ে লাভ হয়নি বলেই এবার ইডি-সিবিআই নামানো হয়েছে। আইপ্যাকের অফিস ও প্রধানের বাড়ি থেকে নথি চুরির চেষ্টা করছে বিজেপি। কিন্তু এইভাবে বাংলা দখল করা যাবে না। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তার জবাব দেবে।
তিনি আরও বলেন, এর আগে বিজেপি বাংলার উন্নয়ন মুলক একাধিক প্রকল্প চুরি করে নিজেদের রাজ্যে চালু করেছিল। কিন্তু সফল হয়নি। সব মুখ থুবড়ে পড়েছে। তাই এবার বিজেপি আমাদের দলের ভোট স্ট্র্যাটেজি ও রণকৌশল চুরি করানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে।










