বুবাই শীল, জলপাইগুড়ি: হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন ঘিরে প্রশাসনিক তৎপরতার মধ্যেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল। উদ্বোধন মঞ্চের ঠিক উল্টো দিকে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন এক প্রতিবন্ধী যুবক। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর প্রতিবন্ধী ভাতা বন্ধ রয়েছে।
মুখ্যমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই এই দৃশ্য নজরে আসে। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই তড়িঘড়ি পুলিশ ওই প্রতিবন্ধী যুবককে বুঝিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।
জানা গিয়েছে, প্রতিবন্ধী ভাতা বন্ধ থাকার পাশাপাশি পারিবারিক একটি জমি সংক্রান্ত সমস্যাও রয়েছে ওই যুবকের। তিনি ঠাকুরনগরের বাসিন্দা। তাঁর দাবি, জমি সংক্রান্ত বিষয়টির নিষ্পত্তি যেন আদালতের মাধ্যমে হয়। একই সঙ্গে দ্রুত প্রতিবন্ধী ভাতা চালু করার দাবিও জানিয়েছেন তিনি।
হাইকোর্টের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান চলাকালীন এমন প্রতিবাদ প্রশাসনের অস্বস্তি বাড়ালেও পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।










