রানিগঞ্জ : পানীয়জলের দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন আসানসোলের রানিগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের আমড়াসোঁতা এলাকার বাসিন্দারা।
শনিবার এর প্রতিবাদে বিক্ষোভ হয় রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির সামনে। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘ প্রায় ৬/৭ মাস ধরে তাদের এলাকায় পানীয়জল সরবরাহ নিয়মিত ভাবে হয় না। যারফলে চরম দুর্ভোগে পড়েছেন তারা। পানীয়জল আনতে যেতে হয় ওয়ার্ডের অন্য জায়গায়। সাইকেলে কিংবা গাড়িতে করে পানীয়জল আনতে যেতে হয় বাড়ির পুরুষ সদস্যদেরকে। তাদেরকে কাজে যেতে সমস্যা হচ্ছে, অন্য এলাকায় পানীয়জল আনতে গিয়ে।
প্রতিদিন ন্যুনতম পানীয়জল পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছেন তারা, বক্তব্য এলাকার বাসিন্দাদের। অথচ খুবই আশ্চর্যের বিষয় এই এলাকাটি আসানসোল পুরনিগমের এক্তিয়ারভুক্ত হওয়ার পরেও, এখানে এখনো পানীয়জল সরবরাহ সঠিক করা হয়নি কেন, তা নিয়েই প্রশ্ন তোলেন তারা । এলাকার বাসিন্দাদের দাবি, তাদের এলাকায় নিয়মিত পানীয়জল সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নিতে হবে আসানসোল পুরনিগম কর্তৃপক্ষকে।
শনিবার এই দাবি তুলেই তারা বেলা বারোটা থেকে তাদের এই বিক্ষোভ আন্দোলন শুরু করেন। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে যান চলাচল ব্যহত হয়। খবর পেয়ে এলাকায় পুলিশ পৌঁছায় ও বিক্ষোভকারীদের আশ্বাস দেয়। তারা যতক্ষণ না পানীশজলের সুষ্ঠু সমাধান না হয় ও ওয়ার্ড কাউন্সিলর যাতে এই জল সমস্যা দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন তার দাবিতেই অনড় থাকেন। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে এক ঘন্টা পরে অবরোধ বিক্ষোভ তুলে নেন তারা।










