আসানসোল : বেতন বৃদ্ধি এবং অন্যান্য দাবিতে গোটা রাজ্যের আশা কর্মীরা গত ২৩ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। শুক্রবার সকালে তারা আবারও আসানসোল পুরনিগমে ধর্ণা অবস্থান বসেন ও বিক্ষোভ দেখান।
এদিন বিক্ষোভ করা আশা কর্মীরা পরিষ্কার জানিয়ে দেন, আমাদের মাসিক বেতন বৃদ্ধি করতে হবে। এখন যা বেতন দেওয়া হয়, তা খুবই সামান্য। তাতে সংসার চলে না। বেতন কমপক্ষে ১৫ হাজার টাকা করতে হবে।
কোনও আশা কর্মীর মৃত্যু হলে, তার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেছেন।
আশা কর্মীর জানান যে, এই দাবিগুলি আদায়ের জন্য আগামী ২১ জানুয়ারি কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে বৃহৎ আকারের বিক্ষোভ করা হবে।
প্রসঙ্গত, এর আগে কর্মবিরতিতে থাকা আশা কর্মীরা আসানসোল পুরনিগম, সুকান্ত ময়দান ও সিএমওএইচের অফিসে ধর্ণা অবস্থানে বসে বিক্ষোভ দেখিয়েছেন।










