আসানসোল : বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও হত্যার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ দেখানো হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভকারীদের উপর কলকাতা পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।
শুক্রবার সকালে আসানসোলে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল করে। সেই মিছিল আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড় থেকে শুরু হয়। সেই মিছিলে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের সদস্যদের পাশাপাশি আসানসোল আদালতের বেশ কয়েকজন আইনজীবী ছিলেন। সেই মিছিল আসানসোলের বিএন মোড় সংলগ্ন রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়।
সেখানে মিছিল শেষে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান মহঃ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
এই প্রসঙ্গে উদ্যোক্তাদের তরফে আসানসোল আদালতের আইনজীবী পীযুষ কান্তি গোস্বামী বলেন, বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা ও অত্যাচারের বিরুদ্ধে ও প্রতিবাদ করে এদিন এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। আমরা চাই অবিলম্বে এই অত্যাচার বন্ধ করার জন্য বাংলাদেশের সরকার উপর চাপ সৃষ্টি করতে হবে।
মিছিল শেষে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের আসানসোল শাখার তরফে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
এদিনের এই বিক্ষোভ মিছিলের জন্য কোনও ঘটনা না ঘটে, তারজন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়।










