Home / খবর / জেলায় জেলায় / দূষণে দমবন্ধ, রাতভর বিক্ষোভে ফুসছে জামুড়িয়ার ইকড়া, চন্ডীপুর ,মহিষাবুড়ি সহ আশেপাশের গ্রাম

দূষণে দমবন্ধ, রাতভর বিক্ষোভে ফুসছে জামুড়িয়ার ইকড়া, চন্ডীপুর ,মহিষাবুড়ি সহ আশেপাশের গ্রাম

জামুড়িয়া : এলাকার শ্যাম মেটালিক কারখানার বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ চরমে। জামুড়িয়া শিল্পতালুক এলাকার শ্যাম মেটালিক কারখানার দূষণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই মঙ্গলবার গভীর রাতে উত্তাল হয়ে ওঠে ইকড়া, চণ্ডীপুর ও মহিষাবুড়ি গ্রামের বাসিন্দারা।

কারখানার চিমনি ফুঁড়ে অতিরিক্ত ধোঁয়া ও কালো কণা ছড়াতে থাকতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা রাতেই কারখানার গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ। পুলিশি আশ্বাসে সাময়িকভাবে রাতেই বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।

কিন্তু কোথায় কী! রাত বাড়তেই ফের নিয়ন্ত্রণ হারায় কারখানার দূষণ। গোটা এলাকা ঘন ধোঁয়ার চাদরে ঢেকে যায়। শ্বাসকষ্ট, চোখ জ্বালা অসহ্য পরিস্থিতিতে রাত জেগে ভুগেছেন তিন গ্রামের মানুষ।

এরপর বুধবার সকাল হতেই গ্রামবাসীরা ফের রাস্তায় নামেন। শ্যাম মেটালিক কারখানার তিন নম্বর গেট অবরোধ করে শুরু হয় লাগাতার বিক্ষোভ।

অভিযোগ,দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের কোনও উল্লেখযোগ্য ভূমিকা নেই। কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েও দূষণ কমায় না, রাতের পর রাত ভুগতে হচ্ছে গ্রামের মানুষকে বিক্ষোভস্থলে জমে ক্ষোভ, উত্তেজনা, চাপা আতঙ্ক। গ্রামবাসীদের দাবি ,দূষণ কমাও, নইলে কারখানা বন্ধ করো। রাতে তো চোখ খোলা যাচ্ছে না, বাচ্চাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এভাবে আর নয়।

স্থানীয়দের অভিযোগ, কারখানার দূষণে ঘর – বাড়ি কালো ধুলোয় ঢেকে যায়, মানুষ থেকে গবাদিপশু পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছে। কারখানার একাধিক ইউনিট থেকে নিয়ম ভেঙে অতিরিক্ত ধোঁয়া ছাড়া হচ্ছে বলেও অভিযোগ তাদের।
এদিকে কারখানার সামনে বিক্ষোভে বড় সংখ্যায় পুলিশের উপস্থিতি। পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে।

এখন দেখার, কারখানা কর্তৃপক্ষ কি দূষণ কমানোর পথে বাস্তব ব্যবস্থা নেবে? না কি আরও বড় আন্দোলনের দিকে হাঁটবে তিন গ্রামের বাসিন্দারা?

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *