বার্নপুর: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার উদ্যোগে, থানার সংলগ্ন কমিউনিটি হলে সোমবার সন্ধ্যায় রামনবমী পূজা ও তার শোভাযাত্রা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। শিবস্থান মহাবীর দল আখড়ার মোট ১৬টি আখড়ার সদস্যরা এই বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে হিরাপুর থানার সার্কেল ইন্সপেক্টর অশোক সিং মহাপাত্র স্পষ্ট নির্দেশ দেন যে, রামনবমীর শোভাযাত্রার সময় ডিজে মিউজিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। কেউ তা বাজাতে পারবে না। তিনি আরও জানান, মদ্যপ অবস্থায় কাউকে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন যে, বিধানসভা নির্বাচনের কারণে বর্তমানে মডেল কোড অফ কনডাক্ট (নির্বাচনী আচরণবিধি) কার্যকর রয়েছে। তাই এই সময় সব নিয়ম কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক।
হিরাপুর থানার ওসি কার্তার সিং জানান, প্রতিটি আখড়ায় কমপক্ষে ২১ বছর বয়সী স্বেচ্ছাসেবক রাখতে হবে এবং তাদের পরিচয়পত্র থাকা আবশ্যক। এছাড়াও, শোভাযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি আখড়ার জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে।
সভায় উপস্থিত ওম প্রকাশ সিং জানান, আগামী ২৮ মার্চ সন্ধ্যায় শিবস্থান থেকে বার্নপুরের ১৬টি আখড়ার একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি বাড়ি ময়দান হয়ে বার্নপুর বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে এবং সেখান থেকে মন্দিরে গিয়ে সমাপ্ত হবে।
এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের আসানসোল দক্ষিণ শহর সভাপতি পূর্ণেন্দু চৌধুরী (টিপু) সহ একাধিক কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন হিরাপুর ট্রাফিক গার্ডের ওসি এ.এম. খান, ট্রাফিক ইন্সপেক্টর রাজি খান এবং আরপিএফ-এর সাব-ইন্সপেক্টর সঞ্জয় ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল আয়োজকদের শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলা বজায় রেখে এবং সকল নিয়ম মেনে রামনবমীর শোভাযাত্রা পরিচালনার জন্য আবেদন জানানো হয়।









