রূপনারায়ণপুর (কুলটি): বেপরোয়া গতি আর কান ফাটানো আওয়াজ, পথ চলতি মানুষকে ভয় পাইয়ে দেয়। তাদের বুকে ঢিপ ঢিপ আওয়াজ উঠতে থাকে। এইসব বাইক ধরার জন্য পুলিশের কাছে বারবার আবেদন নিবেদন করেন সাধারণ মানুষ।
এবার তাদের শায়েস্তা করার জন্য পথে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। কমিশনারেটের ডিসিপি ট্রাফিকের নির্দেশে সমগ্র এলাকা জুড়েই অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ।
১১ ফেব্রুয়ারি রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকার মুচিডি প্রতাপপুর মোড়ে এই অভিযান চালায় কুলটি ট্রাফিক পুলিশ। সেখানে মডিফায়েড সাইলেন্সার সহ বাইক গুলিকে আটক করে, তাদের শব্দ মাত্রা পরিমাপ করা হয় এবং বেআইনি সাইলেন্সারগুলিকে রাস্তার মধ্যেই খুলে ফেলা হয়। তাছাড়া নির্দিষ্ট বিধি অনুযায়ী তাদের জরিমানা এবং মামলাও দায়ের করা হয়।
এরপর এমন বাইক আরোহীদের চূড়ান্ত সতর্কও করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। পুলিস পরিষ্কার জানিয়ে দেয়, কোনও ভাবেই কান ফাটানো মারাত্মক আওয়াজ সৃষ্টিকারী বাইক নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না। এইসব বাইকে সাইলেন্সার পাইপ গুলিকে বিশেষভাবে তৈরি করার ফলে ফটফট আওয়াজ বহুগুণ বেড়ে যায়। এই বিষয়ে সতর্ক করার পাশাপাশি বেপরোয়া গতিতে বাইক না চালানোরও পরামর্শ দেওয়া হয়। ট্রাফিক পুলিশের এই সক্রিয়তায় অত্যন্ত খুশি এলাকার মানুষজন।
রূপনারায়ণপুর এবং আল্লাডি অঞ্চলের একাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ আবেদন জানিয়েছেন এই জাতীয় অভিযান যেন নিয়মিত চালানো হয়।










