পশ্চিম বর্ধমান : প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্র বা আসনে ভোট হবে।
প্রথম দফায় রাজ্যে পশ্চিম বর্ধমান জেলার নয়টি সহ মোট ১৫২টি আসনে ভোট হবে বলে রবিবার বিকেলে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছে।
নির্বাচনের নির্ঘন্ট এইরকম — গেজেট নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি হবে ৩০ মার্চ (সোমবার)। এদিন থেকেই শুরু মনোনয়ন পত্র জমা দেওয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল (সোমবার)। মনোনয়ন স্ক্রটিনি ৭ এপ্রিল (মঙ্গলবার)। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল (বৃহস্পতিবার)। ভোট ২৩ এপ্রিল (বৃহস্পতিবার)। গণনার দিন ৪ মে (সোমবার) | প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট হবে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর (২৭৫), দুর্গাপুর পূর্ব (২৭৬) এবং দুর্গাপুর পশ্চিম (২৭৭), রানিগঞ্জ (২৭৮) এবং জামুরিয়া (২৭৯), আসানসোল দক্ষিণ (২৮০) এবং আসানসোল উত্তর (২৮১), কুলটি (২৮২) এবং বারাবনিতে (২৮৩)।
প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান জেলায় ৯টি বিধানসভায় ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯ জন ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিসঙ্গত অসংগতির তালিকায় রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও নির্বাচনী দপ্তর সূত্রে জানা গেছে, ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯ জনের তথ্য যাচাই-বাছাই এবং পর্যালোচনার জন্য জিও লগিনে পাঠানো হয়েছে। জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা এইরকমঃ ২৭৫. পাণ্ডবেশ্বর – ১০ হাজার ১০৫ জন, ২৭৬. দুর্গাপুর পূর্ব – ৮,৪৮৫ জন, ২৭৭. দুর্গাপুর পশ্চিম – ১১ হাজার ৫৮২ জন, ২৭৮. রানিগঞ্জ – ১৭ হাজার ৮৪৭ জন, ২৭৯. জামুরিয়া – ১৩ হাজার ৪৪০ জন, ২৮০. আসানসোল দক্ষিণ – ১৬ হাজার ২৭৮ জন, ২৮১. আসানসোল উত্তর – ২৮ হাজার ৭৬৭ জন, ২৮২. কুলটি – ২২ হাজার ৫০৯ জন ও ২৮৩. বারাবনি – ৮ হাজার ৫২৬ জন।
পরিসংখ্যান মতে, আসানসোল উত্তর বিধান সভা অর্থাৎ রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের বিধান সভা কেন্দ্র থেকে সবচেয়ে বেশি সংখ্যায় ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে। সেখানে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম সংখ্যায় নাম এই তালিকায় রয়েছে।
উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটার সংখ্যা ২৩ লক্ষ ২৭ হাজার ১১১ জন। প্রথম খসড়ায় নাম বাদ পড়েছে ৩ লক্ষ ৬ হাজার ১৪৬ জনের নাম।এসআইআরের শুনানি চলাকালীন নাম বাদ পড়ে ১৪ হাজার ৭৯ জনের। প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ৫২১ জন।
এই মোট ভোটারের মধ্যে ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯ জনের ক্ষেত্রে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ চিহ্নিত হয়েছে। অর্থাৎ তথ্যগত অসঙ্গতির কারণে ভবিষ্যতে এই তালিকা থেকে আরও কিছু নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় ৩ লক্ষ ২০ হাজার ২২৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
নির্বাচন দিন ঘোষণার পরে জানা গেছে, জুডিশিয়াল অফিসাররা বাংলার অন্য জেলার মতো পশ্চিম বর্ধমানের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা খতিয়ে দেখছেন। সেই কাজ ২০ শতাংশেরও বেশি হয়ে গেছে বলে জানা গেছে।









