প্রার্থী তালিকা প্রকাশের পর তৃণমূল কংগ্রেসে বিক্ষোভ-বিদ্রোহের আবহ আরও তীব্র হল। টিকিট না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু। তাঁর অভিযোগ, অর্থ লেনদেনের কারণেই তাঁকে এবার প্রার্থী করা হয়নি। পরিস্থিতি সামাল দিতে আগেই একাধিক অসন্তুষ্ট নেতাকে ফোন করতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে।
গত বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও এবার নোয়াপাড়া কেন্দ্র থেকে প্রার্থী বদল করেছে তৃণমূল। ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তীর্থঙ্কর ভট্টাচার্য-কে। অন্যদিকে, বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্জুন সিং।
টিকিট না পেয়ে সাংবাদিক বৈঠক করে মঞ্জু বসু দাবি করেন, আগেই তাঁকে সতর্ক করা হয়েছিল যে তিনি প্রার্থী হবেন না। তাঁর কথায়, দলের মধ্যে লেনদেনের সংস্কৃতি রয়েছে এবং অতীতেও অর্থের বিনিময়ে টিকিট দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি আরও অভিযোগ করেন, এক প্রভাবশালী নেতা তাঁকে জানিয়েছিলেন যে বিপুল অর্থের বিনিময়ে টিকিট নিশ্চিত করা হয়েছিল।
এছাড়াও, বিজেপির তরফে প্রস্তাব পাওয়ার কথাও উল্লেখ করেন মঞ্জু। তবে অপমানিত বোধ করায় তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তাঁর কথায়, “এই ধরনের পরিস্থিতিতে রাজনীতি করা সম্ভব নয়। আমি কোনও অনৈতিক কাজ করি না, তাই হয়তো আমাকে প্রার্থী করা হয়নি।”










