অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: দোকান থেকে সামগ্রী কিনে ঠকলে কী করবেন, পথচলতি মানুষজনকে বোঝালো পড়ুয়ারা। উষ্ণায়ন কমাতে চারাগাছও রোপন করল তারা। বুধবার ঘটা করে জাতীয় উপভোক্তা দিবস পালিত হল রথেরহাট হাই স্কুলে। বিদ্যালয়ের উপভোক্তা ক্লাবের সদস্য-সদস্যা পড়ুয়ারাই অগ্রণী ভূমিকা নিল এই কর্মসূচিতে। হাজির রইলেন সরকারি আধিকারিক ও শিক্ষক শিক্ষিকারা।
এ দিন ময়নাগুড়ির ওই স্কুলে সকাল থেকে সাজো সাজো রব। উপভোক্তা দিবসের অনুষ্ঠান ঘিরে ফুরসত ছিল না স্কুলের নবম,দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে গঠিত ‘উপভোক্তা ক্লাবের’ সদস্যদের। অনুষ্ঠানের শুরুতে, স্কুল লাগোয়া এলাকার রাস্তায় জনসচেতনতা বাড়াতে পথ হাঁটেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সরকারি আধিকারিকেরা। পরে, বৃক্ষরোপণে হাত লাগান সবাই। শেষে, সেমিনার-সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেবাশিস মণ্ডল, সহ-অধিকর্তা, ক্রেতা সুরক্ষা
হাজির ছিলেন ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক দপ্তরের সহ-অধিকর্তা দেবাশিস মণ্ডল, প্রকৃতিপ্রেমী কবি দীনেশচন্দ্র বিশ্বাস, স্কুলের প্রাক্তন ও বর্তমান প্রধান শিক্ষক ফনীন্দ্রনাথ পাল ও শ্যামলচন্দ্র রায়-সহ অন্যরা। সহ-অধিকর্তা বলেন, “১৯৮৬ সাল থেকে এই দিনটি পালিত হচ্ছে। এই স্কুলের উপভোক্তা ক্লাব জন সচোতনতা প্রসারে ভালো কাজ করছে। কোনও সামগ্রী, আবাসন কিনে ক্ষতিগ্রস্ত হলে কী করতে হবে তা নিয়ে আলোচনা হল। এর পাশাপাশি বর্তমানের কিছু সামাজিক সমস্যার ওপরেও আমরা আলোকপাত করলাম।”










