উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: সোনারপুরে পিকনিকে গিয়ে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত ঘাসিয়াড়া এলাকায়। অভিযোগ, পিকনিকে আসা এক ব্যক্তির মৃত্যু হলে তাঁর দেহ রাস্তায় নামিয়ে রেখে পালানোর চেষ্টা করেন সঙ্গে থাকা যুবকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতের মরশুমে পিকনিক করতে একদল যুবক ওই এলাকায় আসেন। সেই সময় একটি গাড়ি থেকে রাস্তায় এক বৃদ্ধের নিথর দেহ নামাতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা বাধা দিলেও যুবকরা কোনও কথা শোনেননি। এরপর এলাকাবাসীর তৎপরতায় সোনারপুর থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ যুবককে আটক করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই বৃদ্ধের দেহ তখনই শক্ত হয়ে গিয়েছিল। যদিও যুবকরা প্রথমে দাবি করেন, ওই ব্যক্তি জীবিত রয়েছেন এবং চোখে-মুখে জল দেওয়ার জন্য তাঁকে নামানো হয়েছে। পরে পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত ব্যক্তির নাম ক্ষুদিরাম মণ্ডল (৬০)। তিনি টালিগঞ্জ এলাকার বাসিন্দা এবং পেশায় গাড়িচালক ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি ম্যাটাডোর ও দুটি বাইকে করে কয়েকজন যুবক ওই বৃদ্ধকে নিয়ে এসেছিলেন। তাঁদের আচরণ সন্দেহজনক হওয়ায় এলাকাবাসীর মনে হয়, দেহ ফেলে পালানোর চেষ্টা করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, ঘটনায় জড়িত যুবকরা মদ্যপ অবস্থায় ছিলেন।
এই ঘটনায় পুলিশ মোট পাঁচজনকে আটক করেছে। তবে এখনও পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কীভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।










