দুর্গাপুর : বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে নামলেন দুর্গাপুর নগর নিগমের পৌর স্বাস্থ্যকর্মীরা। সোমবার দুপুর ১২ টা থেকে সব কাজ বন্ধ রেখে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভে সামিল হন রাজ্য পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সদস্যরা।
স্বাস্থ্য কর্মীদের এই কর্মবিরতির জেরে পুর এলাকায় স্বাস্থ্য পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জানা গেছে, দুর্গাপুর নগর নিগম এলাকায় মোট প্রায় ১৫০ জন পৌর স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন। এদিন সকাল থেকে সেই সব স্বাস্থ্য কর্মীরা কর্মবিরতিতে অংশ নেন। তাদের মূল দাবি হল, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়া এবং চুক্তিভিত্তিক কর্মীদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা।
এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেওয়া পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পাল বলেন, আমাদের দাবি অবিলম্বে পূরণ করতে হবে। দীর্ঘদিন ধরে আমরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছি। কিন্তু এখনো পর্যন্ত তার কোনও সুরাহা হয়নি। দাবি না মানা হলে আমরা কর্মবিরতি প্রত্যাহার করবো না। সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও এই আন্দোলন চলবে বলে এদিন তিনি জানিয়েছেন।










