Home / খবর / জেলায় জেলায় / বোলকুন্ডায় অবৈতনিক বিদ্যালয় ও খুদিকায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়

বোলকুন্ডায় অবৈতনিক বিদ্যালয় ও খুদিকায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়

সালানপুর গ্রামের বোলকুন্ডায় একটি নতুন অবৈতনিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।
প্রয়াত স্বনামধন্য শিক্ষাবিদ সনৎ চট্টরাজের স্মৃতিতে এই বিদ্যালয় গড়ে তোলা হয়েছে।

জানা গেছে, চট্টরাজ পরিবারের সদস্যরা তাঁদের জমিতে একটি বিদ্যালয় নির্মাণের অনুরোধ জানান বিধায়কের কাছে। বিষয়টি তিনি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল) কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে ইসিএলের সিএসআর (CSR) দপ্তরের উদ্যোগে বিদ্যালয় নির্মাণের জন্য ৬২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এদিন ফিতা কেটে বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন বিধান উপাধ্যায় এবং এলাকার শিক্ষার প্রসারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনের পর বিধায়ক রূপনারায়ণপুর পাওয়ার গ্রিড অফিসে যান। সেখানে দুইজন শারীরিকভাবে অসুস্থ কর্মীর পরিবারের সদস্যদের কর্মসংস্থানের বিষয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট দুই কর্মীর পরিবর্তে তাঁদের পরিবারের দুই সদস্যকে কাজে বহাল রাখতে কর্তৃপক্ষ সম্মত হয়েছে বলে জানা গেছে।

পরবর্তীতে বিধান উপাধ্যায় সালানপুরের খুদিকা গ্রামে যান। জেলা পরিষদের উদ্যোগে নিমতলা বাসস্ট্যান্ড থেকে খুদিকা রেলগেট হয়ে কালীতলা পর্যন্ত প্রায় এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার কাজের সূচনা হয়। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় খুশির আবহ তৈরি হয়।

এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, অর্ধেন্দু রায়, দেবদাস চ্যাটার্জি, বেবি মণ্ডল সহ অন্যারা।

শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নের এই দ্বৈত উদ্যোগে সালানপুর এলাকায় উন্নয়নের নতুন দিশা মিলবে বলেই মত সবার।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *