কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বীরভূমে সিউড়ি রোড ওভার ব্রিজের উদ্বোধন করবেন।
একইসঙ্গে তিনি আসানসোলে কুমারপুর রোড ওভার ব্রিজটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন ও আসানসোল-বোকারো ট্রেনের সূচনা করবেন।
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই অনুষ্ঠান করা হবে । এই প্রকল্পগুলি পশ্চিমবঙ্গের এবং পার্শ্ববর্তী এলাকার রেল পরিকাঠামো দৃঢ় করা, সুরক্ষা বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।
রেল সূত্রে জানা গেছে, সিউড়ি রেলওয়ে স্টেশনের কাছে ২২বি/টি (22B/T) নম্বর লেভেল ক্রসিংয়ের পরিবর্তে নবনির্মিত রোড ওভার ব্রিজটি ৪২ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে। এই ব্রিজটি লেভেল ক্রসিংয়ে দীর্ঘ প্রতীক্ষার সময় দূর করবে এবং সিউড়ি ও তৎসংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য দ্রুত ও মসৃণ দৈনন্দিন যাতায়াত নিশ্চিত করবে। এটি একটি ব্যস্ত লেভেল ক্রসিংকে বন্ধ করে সুরক্ষা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং সিউড়ি স্টেশনের আশেপাশে যানজট কমিয়ে ছাত্রছাত্রী, শ্রমিক ও স্থানীয় নিত্যযাত্রীদের যাতায়াতের মান উন্নত করবে।
আরেকটি বড় পরিকাঠামোগত সংযোজন হল আসানসোলের জিটি রোডের বরাচক ও হিরাপুর ইয়ার্ড লাইনের মধ্যে ১এসপিএল/ই (1Spl/E) নম্বর লেভেল ক্রসিংয়ের পরিবর্তে নির্মিত রোড ওভার ব্রিজ। যা ৫৪.৮৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ জিটি রোড করিডোরে অবস্থিত এই ব্রিজটি আসানসোল শহরের প্রাণকেন্দ্রের সাথে পশ্চিম বর্ধমান জেলার বড় অংশ এবং ঝাড়খণ্ডের মধ্যে একটি অন্যতম সংযোগকারী হিসেবে কাজ করবে। এই আরওবি বা রোড ওভারব্রিজ রাজ্যের অভ্যন্তরে এবং প্রতিবেশী রাজ্যগুলির সাথে ব্যবসা-বাণিজ্য ও যানচলাচল দ্রুত এবং মসৃণ করতে সহায়তা করবে। এটি একটি অত্যন্ত ব্যস্ত রুটে নিরাপত্তা বৃদ্ধি করবে, আসানসোলের আশেপাশে যানজট কমাবে এছাড়াও ছাত্রছাত্রী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতের সুবিধা করবে।
এই অনুষ্ঠানে আসানসোল ও বোকারো স্টিল সিটির মধ্যে একটি ট্রেন পরিষেবারও ফ্ল্যাগ অফ করা হবে। যা দেশের দুটি প্রধান ইস্পাত কেন্দ্রের মধ্যে রেল যোগাযোগকে আরও শক্তিশালী করবে। উভয় শহরেই সেইলের অধীনে মুখ্য বা প্রধান প্রতিষ্ঠান রয়েছে। এই নতুন পরিষেবাটি শিল্প শ্রমিক, নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের সরাসরি উপকৃত করবে। ট্রেনটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলা এবং ঝাড়খণ্ডের বোকারো জেলার ওপর দিয়ে চলাচল করবে। যা আন্তঃরাজ্য এবং রাজ্যের অভ্যন্তরে যাতায়াত ব্যবস্থাকে উন্নত করবে।
এই পরিষেবাটি দুই রাজ্যের বিপুল সংখ্যক যাত্রীর চাহিদা পূরণ করবে এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক সংযোগ বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।










