Home / খবর / জেলায় জেলায় / বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে ভিড়, বিধান উপাধ্যায়ের সভায় প্রায় ৫০ কর্মীর যোগদান

বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে ভিড়, বিধান উপাধ্যায়ের সভায় প্রায় ৫০ কর্মীর যোগদান

সালানপুর: নির্বাচনের আগে রাজনৈতিক পালাবদলের ছবি আরও স্পষ্ট হয়ে উঠছে পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকে।
বিজেপি ও সিপিএম থেকে প্রায় ৫০ জন কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

সালানপুরের সামডি এলাকায় অনুষ্ঠিত এক কর্মীসভায় স্থানীয় বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায়ের হাত ধরে ১১৭ ও ১১৮ নম্বর বুথের একাধিক কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান এদিন জানান, বিজেপি ও সিপিএমের বহু কর্মী নিজেদের ভুল বুঝতে পেরে এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাঁর দাবি, আগামী দিনে এই যোগদানের সংখ্যা আরও বাড়বে এবং বিরোধী শিবির আরও দুর্বল হয়ে পড়বে।

এদিনের কর্মীসভায় বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি স্পষ্ট নির্দেশ দেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়াতে হবে। শুধুমাত্র প্রচারেই সীমাবদ্ধ না থেকে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, তাঁদের সমস্যার খোঁজখবর নেওয়া এবং দ্রুত সমাধানের চেষ্টা করার ওপর জোর দেন তিনি।

বিদায়ী বিধায়ক আরও বলেন, ভোটার তালিকা খুঁটিয়ে দেখা অত্যন্ত জরুরি। কোথাও কোনও ত্রুটি বা নাম বাদ পড়ে থাকলে তা দ্রুত সংশোধনের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ভোটের দিন যাতে প্রতিটি ভোটার নির্বিঘ্নে এবং সকাল সকাল ভোট দিতে পারেন, সেই ব্যবস্থাও নিশ্চিত করতে কর্মীদের নির্দেশ দেন তিনি।
মোহাম্মদ আরমান আরও জানান, গত কয়েকদিন ধরে সালানপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ধারাবাহিকভাবে কর্মীসভা করে চলেছেন বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায়। আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের আগেই প্রতিটি বুথ এলাকায় এই ধরনের সভা সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস সংগঠনকে আরও মজবুত করতে এবং ভোটের ময়দানে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে বদ্ধপরিকর।

এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সহ-সভাপতি ভোলা সিং সহ একাধিক দলীয় নেতা-কর্মী। সভায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং নতুন যোগদানকারী কর্মীদের স্বাগত জানিয়ে দলীয় নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *