Home / খবর / জেলায় জেলায় / অবৈধ কয়লা পাচার মামলা, আসানসোল সিবিআই আদালতে হাজিরা লালার

অবৈধ কয়লা পাচার মামলা, আসানসোল সিবিআই আদালতে হাজিরা লালার

আসানসোল : বহুল চর্চিত অবৈধ কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা বৃহস্পতিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন।

তিনি তার নিরাপত্তা কর্মীদের সাথে একটি সাদা স্করপিও গাড়িতে করে সরাসরি সিবিআই আদালতে পৌঁছান। পরে এজলাসে মামলার শুনানি শুরু হয়। গত দুদিন পরপর আসানসোল আদালত চত্বরে বোমাতঙ্কের মধ্যে কয়লা পাচার মামলায় লালার হাজিরা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সম্প্রতি এই মামলায় অনুপ মাজির তার অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ খারিজ করেছে। সুপ্রিম কোর্ট তাকে ১৪ দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে অনুমতিও দিয়েছে। এই নির্দেশ দেওয়ার পরে প্রায় এক সপ্তাহ পার হয়েছে।

আরও জানা গেছে, আগামী শনিবার এই নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে এদিন আসানসোল সিবিআই আদালতে লালার হাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় এই মামলায় সিবিআই আদালত কি নির্দেশ দেয়, যা পরবর্তী আইনি প্রক্রিয়ার দিক নির্ধারিত করবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *