আসানসোলের জিটি রোডের লোকো ট্যাঙ্ক মোড় সংলগ্ন এলাকার ছোট দোকানদাররা মঙ্গলবার সকালে ক্ষোভে ফেটে পড়েন।
প্রায় তিন বছর আগে, আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ শহর সৌন্দর্যায়নের নামে ওই এলাকায় জিটি রোডের পাশে ৪২ জন ছোট দোকানদারদের দোকানগুলি সরিয়ে দেয়। সেই সময় পুর কর্তৃপক্ষ তাদেরকে বিকল্প দোকান দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
কিন্তু অভিযোগ, বেশিরভাগ দোকানদার এখনো পর্যন্ত তাদের দোকান করার জন্য জায়গা পাননি। ওই জায়গায় পুরনিগম কর্তৃপক্ষ প্রায় দেড় কোটি টাকা খরচ করে একটি পার্ক তৈরি করে। সেই পার্কে একজন ব্যবসায়ীকে নার্সারি চালানোর অনুমতি দেওয়া হয়।
এদিন সকালে ক্ষুব্ধ দোকানদাররা সেই পার্কে বিক্ষোভ দেখান ও ভাঙচুর চালান। সেই সময় সেখানে পৌঁছান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া। তিনি আসানসোল পুরনিগমের বিরুদ্ধে বৈষম্য এবং আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন।
তিনি বলেন, আমি আগেই মেয়র বিধান উপাধ্যায়কে গোটা বিষয়টি জানিয়েছিলাম। এদিন আবারও মেয়রকে বলছি গোটা বিষয়টি তদন্ত করে দেখুন। শীঘ্রই এই জায়গা থেকে সমস্ত দোকানদারের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। তা না হলে আন্দোলন আরো তীব্র করা হবে। দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতার বক্তব্য ও অভিযোগ নিয়ে আসানসোল পুরনিগমের মেয়রের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায় নি।










