উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: কুলতলিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল কুলতলি থানার বিশেষ দল। ধৃতদের নাম আমজেদ মোল্লা ও হোসেন লস্কর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেরই বাড়ি কুলতলি ব্লকের মৈপীঠ উপকূল থানার জজের হাট এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে কুলতলি থানার আইসি স্বপন বিশ্বাসের নির্দেশে একটি বিশেষ দল অভিযানে নামে। কয়ালের মোড় সংলগ্ন প্রীতি ভাটার কাছে হানা দেয় পুলিশ। অভিযোগ, সেখানে ডাকাতির উদ্দেশ্যে ৬ থেকে ৭ জনের একটি দল জড়ো হয়েছিল।
পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। অন্ধকারের সুযোগে কয়েকজন পালাতে সক্ষম হলেও দু’জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক, দু’রাউন্ড কার্তুজ ও একটি লোহার রড উদ্ধার হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ওই এলাকায় বড় ধরনের ডাকাতির পরিকল্পনা ছিল দলের। ধৃতদের বুধবার কুলতলি থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।









