অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: বাংলাদেশে মৌলবাদীদের দৌরাত্ম্য, সংখ্যালঘু ও জন সাধারণের ওপর হামলার প্রতিবাদে পথে নামলেন শহরের বিশিষ্টজনদের একাংশ। রবিবাসরীয় সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে এক কর্মসূচি পালন করে অভিমূখ নামক এক সংগঠনের সদস্যরা।
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও যুবক দীপু দাসের মর্মান্তিক পরিণতি দেখে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে একাধিক সংগঠন। এবারে সেই তালিকায় নাম জুড়ল জলপাইগুড়িও। এ দিন কদমতলা মোড়ে মৌলবাদ বিরোধী ব্যানার, পোস্টার নিয়ে নীরব অবস্থান করেন ওই সংগঠনের আহ্বায়ক প্রশান্ত নাথ চৌধুরী, বিপ্লব ঝা, প্রসেনজিৎ রায়-সহ অনেকে। ঘন্টাখানেকের বেশি সময় মৌন প্রতিবাদ জানান তাঁরা।
সংগঠনের আহ্বায়ক প্রশান্ত নাথ চৌধুরী বলেন, “বিগত কয়েক দিন ধরে বাংলাদেশে মৌলবাদীদের হাতে সংখ্যালঘু-সহ সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছেন। যে হত্যার রাজনীতি ও দেশে চলছে তার প্রতিবাদেই আমাদের এই মৌন প্রতিবাদ।”

গোবিন্দ রায়, প্রাক্তন বিধায়ক
এই কর্মসূচিতে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়ও। তিনি বলেন, “ধর্মীয় মৌলবাদকে নিয়ন্ত্রণে না রাখলে প্রথমে সংখ্যালঘুরা আক্রান্ত হয়। পরে, আক্রান্ত হয় সাধারণ মানুষও। একে নির্মূল করতে শুধু ভিসা বন্ধ করলে হবে না, বিশ্বমঞ্চেও জোরাল দাবি তুলতে হবে কেন্দ্রীয় সরকারকে। আমরা উপমহাদেশে শান্তি চাই।”










