জলপাইগুড়ি: নিজের ঘরেই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ভোটের আবহে এই ঘটনায় জোর চাঞ্চল্য নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অমরখানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়িতে মা ও বাবার সঙ্গেই থাকতেন কমলেশ রায় ওরফে লাদেন বামে পরিচিত ওই যুবক।
বৃহস্পতিবার রাতে তাকে ঘুমন্ত অবস্থায় থেতলে খুন করা হয়েছে বলে অভিযোগ প্রতিবেশীদের একাংশের। স্থানীয়দের একাংশ জানান, মৃত যুবকের বয়স ৩২ বছর। নিজের ঘরেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল লাদেন। তার কপালে গভীর ক্ষতচিহ্ন ছিল। প্রচুর রক্তক্ষরণও হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, বেশ কিছু অসামাজিক আচরণের অভিযোগ রয়েছে মৃতের বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় বাড়িতেও অশান্তি করতেন বলে অভিযোগ। এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতয়ালি থানার মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান হয় ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










