বার্নপুর : কেন্দ্রীয় সরকারের চারটি শ্রমবিধি বাস্তবায়নের বিরোধীতা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে। তবে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এই অংশ নিচ্ছে না। তারা সিটু, ইনটাক সহ অন্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটের বিরোধিতা করছে।
বুধবার এই সাধারণ ধর্মঘটের বিরোধিতায় আইএনটিটিইউসি বার্নপুরের টানেল গেটের সামনে একটি সভা করে। সেই সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে আইএনটিটিইউসি নেতা উৎপল সেন বলেন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে দলের শ্রমিক সংগঠন যেকোনও ধরণের ধর্মঘটের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, তারাও চারটি শ্রমবিধির বিরোধিতা করে। কিন্তু ধর্মঘট সঠিক পথ নয় বলে মনে করি। এতে কেউ যদি মনে করেন, আমরা বিজেপিকে সমর্থন করছি, তাহলেও আমাদের কিছু করার নেই। আমরা বৃহস্পতিবার বার্নপুর সেল আইএসপি সহ অন্য জায়গায় সবকিছু স্বাভাবিক রাখার জন্য আবেদন জানাচ্ছি। প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে, কাউকে ধর্মঘটে যোগ দিতে বাধ্য না করা হয়।










