উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: ১৫ বছরের এক নাবালিকাকে বিয়ে করে তার উপর শারীরিক নির্যাতন চালিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হল মৃতার স্বামী ও শ্বশুর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ বারাশত এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উস্থি থানা এলাকার শান্তি গায়েনের সঙ্গে জয়নগর থানার দক্ষিণ বারাশতের ১৮ বছরের যুবক দেবাশীষ নস্করের। গত মাসে তাদের বিয়ে হয়। এরপর শান্তি শ্বশুরবাড়িতে চলে আসে। অভিযোগ, বিয়ের পর থেকেই নানা কারণে তার উপর শারীরিক নির্যাতন শুরু হয়।
রবিবার দেবাশীষ নস্করের বাড়ি থেকে নাবালিকা শান্তির দেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই দিন মৃতার পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় দেবাশীষ নস্কর ও তার বাবা মনিকান্ত নস্করের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে West Bengal Police-এর জয়নগর থানার পুলিশ দেবাশীষ নস্কর ও তার বাবা মনিকান্ত নস্করকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দেবাশীষ নস্করকে পাঁচ দিনের পুলিশ হেফাজত এবং মনিকান্ত নস্করকে জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, দেবাশীষকে নিজেদের হেফাজতে রেখে ঘটনার বিস্তারিত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।










