Home / খবর / জেলায় জেলায় / মাটির সঙ্গে উঠে এল মানুষের কাটা পা, জমি ভরাট করতে গিয়ে বিস্ময়কর ঘটনা রূপনারায়ণপুরে

মাটির সঙ্গে উঠে এল মানুষের কাটা পা, জমি ভরাট করতে গিয়ে বিস্ময়কর ঘটনা রূপনারায়ণপুরে

রূপনারায়ণপুর : অন্য জায়গা থেকে ট্রাক্টরে মাটি এনে ভরাট করা হচ্ছে রূপনারায়ণপুর রূপনগরের একটি নিচু জায়গা। ‌আর সেই কাজ করতে গিয়েই চরম বিস্ময়কর ঘটনা ঘটল।

‌ট্রাক্টর থেকে মাটি ঢালতেই বেরিয়ে এল মানুষের একটি কাটা পা। তাই দেখে ভয়ানক আতঙ্কিত হয়ে পড়েন সংশ্লিষ্ট কর্মীরা। ‌তারা কোনক্রমে প্রায় অবিকৃত পা’টিকে মাটি থেকে তুলে পরিষ্কার রাস্তায় সরিয়ে রাখেন। ‌ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রূপনারায়ণপুর পুলিশ। তারা পর্যাপ্ত সাবধানতার সঙ্গে ওই কাটা পা’টিকে ফাঁড়িতে নিয়ে আসেন। ‌ জিজ্ঞাসাবাদ শুরু করেন মাটি ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের। ‌

পুলিশ জানতে পারে, সালানপুর ব্লকেরই অন্য একটি অঞ্চল থেকে ট্রাক্টরে করে মাটি নিয়ে আসা হচ্ছিল। সম্ভবত যেখান থেকে মাটি কেটে তোলা হচ্ছিল সেখানেই মাটির ভেতরে ওই পা রয়ে গিয়েছিল। ‌সেটি মাটির সঙ্গে রূপনগরে চলে আসে। ‌ বিষয়টি সম্বন্ধে নিশ্চিত হওয়ার পরেই পুলিশ ওই কাটা পা একটি নির্দিষ্ট জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে দেয়।

এ প্রসঙ্গে ওয়াকিবহাল এক ব্যক্তি বলেন, অনেক ক্ষেত্রেই শ্মশান সংলগ্ন এলাকায় এই ধরনের দেহাংশ পড়ে থাকার সম্ভাবনা থাকে। কারণ, অনেকেই দেহ পুরোপুরি না পুড়িয়ে চলে যায়। অনেক ক্ষেত্রে দেহ না পুড়িয়ে মাটিতে পোঁতা হয়। শিশুদের ক্ষেত্রে দাহ করার চল নেই। এরই সঙ্গে বেওয়ারিশ কোনও দেহ তাড়াহুড়ো করে আধপোড়া অবস্থায় শ্মশান সংলগ্ন এলাকায় ছেড়ে যাওয়ার আশঙ্কাও থেকে যায়। এগুলির মধ্যেই কোনও একটি বিষয় ঘটে থাকতে পারে বলে তার অনুমান।

তবে মাটি ভরাট করতে গিয়ে মানুষের কাটা পা চলে আসার ঘটনা এর আগে খুব একটা ঘটেছে বলে স্থানীয় মানুষজন মনে করতে পারছেন না।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *