দুর্গাপুর: বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে তিন মহিলা এবং একজন পুরুষকে গ্রেপ্তার করে।
কোকওভেন পুলিশ সূত্রে জানা গেছে, পুলিস ধৃতদের কাছ থেকে মোট ৩১ কেজি ৯২ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। ট্রলি ব্যাগ ও অন্যান্য লাগেজের ভিতরে লুকিয়ে রাখা ছিল ওই গাঁজা।
জানা গেছে, ধৃতরা সকলে উড়িষ্যার বাসিন্দা অনিতা ধুনিয়া, ঝাড়খণ্ডের বাসিন্দা রোস নীলিমা টিগ্গা, সুন্দরী কুমারী ও মুকেশ সিং। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা ঝাড়খণ্ড থেকে বাসে করে গাঁজা এনে দুর্গাপুরে সরবরাহ করে।
তবে পুলিশের দাবি, ধৃতরা একটি সক্রিয় আন্তঃরাজ্য মাদক চক্রের সঙ্গে যুক্ত এবং এর পিছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।










