উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: এবছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল এবারের পুণ্যস্নান। ভোর থেকেই তীর্থযাত্রীদের ঢল নামতে শুরু করে। যত সময় গড়িয়েছে, ততই ভিড় বেড়েছে সাগরসঙ্গমে।
মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, বুধবার দুপুর ৩টা পর্যন্ত প্রায় ৮৫ লক্ষ তীর্থযাত্রী গঙ্গাসাগরে শাহী স্নান সেরেছেন। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বুধবার দুপুর ১টা ১৯ মিনিট থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ১৯ মিনিট পর্যন্ত শাহী স্নানের মাহেন্দ্রক্ষণ থাকায় ভিড় আরও বাড়বে বলে প্রশাসনের অনুমান। তাঁর কথায়, এবছর মকর সংক্রান্তিতে আগের সব রেকর্ড ভেঙে গিয়েছে।
লক্ষ লক্ষ পুণ্যার্থীর নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পুলিশ বাহিনীর পাশাপাশি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, কুইক রেসপন্স টিম, ডিপ ডাইভার, ন্যাভাল ডাইভার, এনডিআরএফ ও কোস্ট গার্ড ২৪ ঘণ্টা কাজ করছে। সমুদ্রতট পরিষ্কার রাখতে নিযুক্ত করা হয়েছে ৩ হাজারেরও বেশি সৈকত প্রহরী। তীর্থযাত্রীদের সহায়তায় ১৫০টি সমাজসেবী সংগঠনের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করছেন।
এবছর সাগরসঙ্গমে পুণ্যস্নানের স্মৃতি ধরে রাখতে সম্পূর্ণ বিনামূল্যে ছবি-সহ শংসাপত্র দেওয়া হচ্ছে ‘বন্ধন’ ফটোবুথে। মোট ১৫টি বন্ধন বুথ থেকে এখনও পর্যন্ত প্রায় ৫ লক্ষ ৭৫ হাজার পুণ্যার্থী এই শংসাপত্র সংগ্রহ করেছেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৪,৮৮৩ জন তীর্থযাত্রী পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় চালু ‘ই-পরিচয়’ বা কিউআর কোড রিস্ট ব্যান্ড ব্যবস্থার মাধ্যমে ৪,৮৬০ জনকে তাঁদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এখনও পর্যন্ত ২৭২টি পকেটমারির ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ২৬০টি ক্ষেত্রে হারানো জিনিস উদ্ধার করে মালিকদের ফেরত দেওয়া হয়েছে। বিভিন্ন অপরাধমূলক ঘটনায় ৬৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এখনও পর্যন্ত এক জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর মিলেছে। মৃতের নাম মিঠু মণ্ডল (৫১), বাড়ি অসমে। পাশাপাশি গুরুতর অসুস্থ ৫ জন তীর্থযাত্রীকে এয়ারলিফট করে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, পুলক রায়, বঙ্কিম চন্দ্র হাজরা, বেচারাম মান্না, সাংসদ বাপি হালদার, জেলা পরিষদের সভাধিপতি নিলীমা বিশাল মিস্ত্রি, সহ-সভাধিপতি শ্রীমন্ত মালি, পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।










