Home / খবর / জেলায় জেলায় / শনিবার সাতসকালে হাওড়ায় বাদামতলার জামাকাপড়ের মার্কেটে আগুন

শনিবার সাতসকালে হাওড়ায় বাদামতলার জামাকাপড়ের মার্কেটে আগুন

শনিবার সাতসকালে হাওড়ার বাঁকড়া বাদামতলা এলাকার একটি জামাকাপড়ের মার্কেটে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাজারের একতলায় একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের লোকজন। তড়িঘড়ি দোকান খোলার পর দেখা যায়, ভেতরে থাকা জামাকাপড় ও সামগ্রী দাউদাউ করে জ্বলছে। বাজারে একাধিক দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

প্রথমে স্থানীয়রাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এরপর খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন সম্পূর্ণ নিভে গিয়েছে বলে দমকল সূত্রে জানা গেছে। তবে কোথাও কোনও পকেট ফায়ার রয়ে গিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দমকলের প্রাথমিক অনুমান, দোকানে জামাকাপড়ের কম্পিউটার ডিজাইনিংয়ের কাজ চলত। সম্ভবত ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।

বাজারের ব্যবসায়ীদের দাবি, ওই মার্কেটে বহু দোকানে বিপুল পরিমাণ স্টক থাকে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *