Home / খবর / জেলায় জেলায় / বজবজে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, আহত ১

বজবজে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, আহত ১

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বজবজ: দক্ষিণ ২৪ পরগনার বজবজ এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজবজ পুরসভা-র ১৯ নম্বর ওয়ার্ডে একটি ঝালাইয়ের গ্যারাজে বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটে। ওই গ্যারাজটি এলাকার বাসিন্দা শেখ নিজামউদ্দিনের বলে জানা গেছে। সেখানেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে একটি ট্যাঙ্কার গাড়ির ঝালাইয়ের কাজ চলছিল।

ঠিক সেই সময় আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গ্যারাজের টিনের ছাউনি উড়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় দু’জন শ্রমিক গুরুতর জখম হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানা-র পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি এখনও চিকিৎসাধীন।

কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *