বুবাই শীল, জলপাইগুড়ি: চা বাগানের গর্তে পড়ে বিপাকে একটি দাঁতাল হাতি। তাকে উদ্ধারের চেষ্টা করে দিশাহারা হয়ে ছোটাছুটি করতে থাকে সঙ্গে থাকা আরও দু’টি হাতি। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানে। নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয় বাগানের সমস্ত কাজকর্ম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে তিনটি হাতির একটি দল করলা ভ্যালি চা বাগানে ঢুকে পড়ে। বাগানের কবরস্থান এলাকার একটি গভীর গর্তে আচমকাই পড়ে যায় একটি ছোট দাঁতাল হাতি। তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয় দলের বাকি দুই হাতি। পরে তারা দিশাহীনভাবে এদিক-ওদিক ঘোরাঘুরি করতে থাকে।
আশপাশের বাসিন্দাদের দাবি, ভোর রাতে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে তিস্তা নদীর গা ঘেঁষে বাজিতপাড়া হয়ে হাতির দলটি করলা ভ্যালি চা বাগানে ঢোকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। পাশাপাশি গরুমারা ও জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেন।
দীর্ঘ চেষ্টা ও সতর্কতার পর শেষ পর্যন্ত গর্তে পড়ে যাওয়া হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হয় বন দফতর। হাতিটি নিরাপদ রয়েছে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও, উদ্ধার সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।










