Home / খবর / জেলায় জেলায় / এসআইআর শুনানিতে হেনস্তার অভিযোগ, মগরাহাটে বিক্ষোভের মুখে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক

এসআইআর শুনানিতে হেনস্তার অভিযোগ, মগরাহাটে বিক্ষোভের মুখে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মগরাহাট: এসআইআর শুনানিকে ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষমদের শুনানির নামে হেনস্তার অভিযোগ তুলে সোমবার জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে মগরাহাটের শিরাকোল হাই স্কুল চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাজ্যে বর্তমানে এসআইআরের শুনানি পর্ব চলছে। এই প্রক্রিয়ায় বহু মানুষকে হিয়ারিংয়ের নোটিস পাঠানো হয়েছে। তালিকায় রয়েছেন বৃদ্ধ-বৃদ্ধা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও। অভিযোগ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিস্থিতিকে ‘অমানবিক’ বলে দাবি করেন স্থানীয়রা।

সোমবার শুনানির কাজ সরেজমিনে খতিয়ে দেখতে মগরাহাটের শিরাকোল হাই স্কুলে যান জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক সি মুরুগান। তাঁর উপস্থিতির খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন মগরাহাট পশ্চিম বিধানসভার উস্তি থানা এলাকার বাসিন্দাদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, কেন বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা হচ্ছে না।

এ ছাড়াও, এসআইআর শুনানিতে বিএলএ-২দের উপস্থিত থাকতে দেওয়া হচ্ছে না কেন, সেই প্রশ্ন তুলেও সি মুরুগানের কাছে জবাব চান বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ ধরে তাঁকে ঘিরে ধরে স্লোগান ও প্রতিবাদ চলতে থাকে। এই বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের একাংশও সামিল ছিল বলে জানা গেছে।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এসআইআর শুনানি নিয়ে অসন্তোষ যে ক্রমেই বাড়ছে, মগরাহাটের এই ঘটনায় তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *