দুর্গাপুর: দুর্গাপুরে নির্বাচনী প্রচার ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। এখানকার ক্ষুদিরাম মাঠ সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয় থেকে দুর্গাপুর পশ্চিমের প্রচারে নেমে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আক্রমণ করতে গিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, চোর বাড়ির কাছে এলে গরম জল আর ডান্ডা রাখুন চোর তাড়াতে। পাশাপাশি ভোটের দিন ইভিএমে ভোট দেওয়ার সময় ‘ডান্ডা ব্যবহার করুন ( ভোট দেওয়ার জন্য হাতের আঙুল )’ বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। তার দাবি, তৃণমূলকে উৎখাত করতে হলে সাধারণ মানুষকে একজোট হয়ে ভোট দিতে হবে। এদিন তিনি আরও বলেন, রাজ্যে কর্মসংস্থানের অভাবের কারণেই বহু যুবক-যুবতী অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন। তবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দুর্গাপুরকে শিল্প করিডর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এর ফলে ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে। কলকারখানা খুলবে। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা সম্ভব হবে। দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থীকে আক্রমণ করে সৌমিত্র খাঁ বলেন, এই ধরনের প্রার্থীদের ভোট দিলে সাধারণ মানুষের কোনও উন্নতি হবে না। বরং কয়েকজনই লাভবান হবেন। মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে যাবে।










