রানিগঞ্জ: ভোরের আলো ফোটার আগেই পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ শহরে ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হানা। ১৬ নং জাতীয় সড়কের ধারে এমএসবি রোডের শিশুবাগান মোড় এলাকায় চাল ব্যবসায়ী অজয় কয়ালের বাড়িতে চারটি গাড়িতে করে সেন্ট্রাল ফোর্স নিয়ে ৪/৫ জনের ইডির আধিকারিকদের একটি দল অভিযানে আসেন।
জানা গেছে, চাল ব্যবসায়ী অজয় কয়াল নামে এই ব্যবসায়ী শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতে তাদের চাল ব্যবসা নয় বিদেশেও চাল রপ্তানি করে থাকেন। এই চাল ব্যবসা নিয়ে এই ব্যবসায়ীর সঙ্গে অনেক ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে। সেই চাল ব্যবসায়ীর ব্যবসায়িক আর্থিক কোনও লেনদেনের কারণে এ ধরনের অভিযান চালানো হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এই অতর্কিত অভিযান সে সম্পর্কে কোনও সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, এই ব্যবসায়ীর প্রায় পাঁচ থেকে ছ’টি খাদ্য সরবরাহ করার সংস্থা রয়েছে। যা তার কয়েকজন ভাই মিলে চালাচ্ছেন বলে জানা গেছে। এই ব্যবসায়ী তাদের পুরনো চালের ব্যবসার সূত্র ধরেই এই ব্যবসা রানীগঞ্জে দীর্ঘদিন ধরে করে আসছেন। এদিন ভোর পাঁচটা থেকে চারটি গাড়ি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকদের টিম সিআইএসএফকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযানে আসেন। বারো ঘন্টারও বেশি সময় ধরে ব্যবসায়ীর বাড়িতে ইডির আধিকারিক তল্লাশি চালান। সন্ধ্যের পরে তারা ব্যবসায়ীর বাড়ি থেকে বেরিয়ে যান।
ইডির তরফে সরকারি ভাবে কিছু বলা না হলেও, জানা গেছে, রাজ্যে যে রেশন দুর্নীতি হয়েছে, তার সূত্র ধরেই রানিগঞ্জে চাল ব্যবসায়ীর বাড়িতে এই অভিযান।










