Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুরে ডিভিসির ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট, প্রকল্পের জন্য প্রায় ৭ হাজার গাছ কাটা পড়বে

দুর্গাপুরে ডিভিসির ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট, প্রকল্পের জন্য প্রায় ৭ হাজার গাছ কাটা পড়বে

দুর্গাপুর: দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) নতুন ইউনিট গড়ে তুলতেই প্রশাসন তৎপর হয়ে উঠেছে। দুর্গাপুরে ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন ইউনিট নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন।

শিল্পোন্নয়নের এই বৃহৎ পদক্ষেপকে ঘিরে প্রশাসনিক তৎপরতাও বেড়েছে। দুর্গাপুরের মহকুমা প্রশাসনিক ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, জেলাশাসক পন্নামবলাম এস, মহকুমা শাসক সুমন বিশ্বাস, ডিভিসির প্রকল্প অধিকর্তা সুকুমার সাহা, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবং ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদি-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।

সাংসদ কীর্তি আজাদ জানান, “প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা রয়েছে। এর পাশাপাশি নানা প্রশাসনিক জটিলতা রয়েছে, সেগুলি দূর করতেই এই বৈঠক।”

শুধু শিল্প সম্প্রসারণ নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার দিকেও জোর দেওয়া হয়েছে। জানা গেছে, এই প্রকল্পের জন্য প্রায় ৭ হাজার গাছ কাটা পড়বে। ডিভিসির প্রকল্প অধিকর্তা সুকুমার সাহা জানান, প্রায় ১ হাজার গাছ প্রতিস্থাপন করা হবে এবং বাকি গাছ কাটার ক্ষতিপূরণ হিসেবে ৩৫ হাজার গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈঠক শুরুর আগেই মহকুমা প্রশাসনিক ভবনের সামনে ভিড় জমাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। সাংসদ কীর্তি আজাদ পৌঁছাতেই তাঁকে ঘিরে ধরেন সাধারণ মানুষ। তাঁদের দাবি, দ্রুততার সঙ্গে প্রকল্পের কাজ সম্পন্ন করে এলাকায় শিল্পোন্নয়নের গতি বাড়াতে হবে। উন্নয়ন ও পরিবেশ—দুইয়ের সমন্বয় ঘটিয়েই এই বৃহৎ প্রকল্প এগিয়ে নিয়ে যেতে চাইছে সাধারণ মানুষ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *