Home / খবর / জেলায় জেলায় / বিজেপি কার্যালয়ে ‘সংকল্প পত্র জমার ড্রপ বক্স’, আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ তাপস রায়ের

বিজেপি কার্যালয়ে ‘সংকল্প পত্র জমার ড্রপ বক্স’, আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ তাপস রায়ের

আসানসোল শীতলায় ১৯ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বিজেপির জেলা কার্যালয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘সংকল্প পত্র জমা নেওয়ার ড্রপ বক্স’ করা হল।

মঙ্গলবার এই ড্রপ বক্স উদ্বোধন করেন রাজ্য বিজেপির সহসভাপতি তথা রাজ্য সংকল্প পত্র কমিটির চেয়ারম্যান তাপস রায়। পরে তাপস রায় বিজেপি জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে নানা ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আক্রমণ করেন।

তিনি বলেন, এই মুহূর্তে গোটা রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পুলিশকে ব্যবহার করে দলদাসে পরিনত করেছে। তাপস রায়ের কাছে জানতে চাওয়া হয় যে, তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বলেছেন যে, বাবরি মসজিদ নির্মাণের কাজ ১১ ফেব্রুয়ারি শুরু হবে এবং আগামী তিন বছরের মধ্যে সম্পন্ন হবে। কিন্তু উত্তর প্রদেশের লখনউ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কিছু সদস্য মুর্শিদাবাদে গিয়ে বাবরি মসজিদ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা বলছেন। এতে কি নির্বাচনের সময় বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা তৈরি হবে না?

এই প্রসঙ্গে তাপস রায় বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের। তাই তাদের এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বাবরি মসজিদ নির্মাণ সম্পর্কে হুমায়ুন কবিরের কথা প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি নিজেকে সত্যিকার অর্থেই ধর্মনিরপেক্ষ মনে করে, তাহলে তাদের এই বিষয়ে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। এর থেকেই বোঝা যাচ্ছে রাজ্যের শাসক দল কি চায়।

এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *