আসানসোল : ডিসেম্বর মাসের শেষে ভরা শীতে পানীয়জলের সংকট। তাই “জল নেই তো ভোট নেই ” স্লোগান উঠল এলাকাতে ।
আসানসোল পুরনিগমের ৫৮ নং ওয়ার্ডের জগৎডিহি গ্রামে পানীয়জলের সংকটের জন্য সোমবার এইভাবেই স্লোগান দিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে বৈধভাবে পানীয়জলের সরবরাহের ব্যবস্থা নেই। বাধ্য হয়ে আমরা আশপাশের জলের পাইপলাইন থেকে অবৈধভাবে জল নেওয়ার চেষ্টা করছিলাম। গোটা বিষয়টি ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় নুনিয়া ও আসানসোল পুরনিগমকে জানানো হয়েছিল।
তাঁরা বলেছেন, পাইপ বসানো হয়েছে। ওভারহেড জলাধার তৈরি করা হবে। তারপর কানেকশন দেওয়া হবে। কিন্তু এদিন হঠাৎ করেই আসানসোল পুরনিগম ও পিএইচই দপ্তরের কিছু কর্মী এসে সেই অবৈধ জল সংযোগের পাইপ কেটে দেন।
এই ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো শুরু করেন।
এদিন তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, যতদিন না বৈধভাবে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে, ততদিন এই ওয়ার্ডের ১১৯ নং বুথে তারা ভোট দেবেন না।
বিক্ষোভকারীদের দাবি, জল তাদের মৌলিক অধিকার। প্রশাসন যদি সেই অধিকার নিশ্চিত করতে না পারে, তাহলে ভোট দেওয়ার প্রশ্নই উঠে না। গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তারা ভোট বয়কটের পথে হাঁটবেন।
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ নিয়ে ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।










