Home / খবর / জেলায় জেলায় / গঙ্গাসাগর মেলার আগেই বিপত্তি, ভয়াবহ আগুনে পুড়ে ছাই সাংবাদিকদের অস্থায়ী ছাউনি

গঙ্গাসাগর মেলার আগেই বিপত্তি, ভয়াবহ আগুনে পুড়ে ছাই সাংবাদিকদের অস্থায়ী ছাউনি

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই বিপত্তি গঙ্গাসাগরে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল সাংবাদিকদের থাকার জন্য তৈরি অস্থায়ী কটেজ ও বেশ কয়েকটি অস্থায়ী দোকান। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী বংকিমচন্দ্র হাজরা।

শুক্রবার ভোর প্রায় পাঁচটা নাগাদ কপিলমুনির আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিতে আচমকাই আগুন লাগে। কুয়াশাচ্ছন্ন ভোরে প্রথমে একটি ছাউনিতে আগুন দেখা গেলেও মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার নেয়। শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি ছাউনিগুলিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক অস্থায়ী কাঠামো গ্রাস করে নেয় লেলিহান শিখা।

আগুন লাগতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় দমকল ও পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘক্ষণ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলে।

ঘটনার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছান সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ঠিক কতগুলি অস্থায়ী ছাউনি পুড়ে গিয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট বা অস্থায়ী রান্নার উনুন থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মকর মেলার সূচনালগ্নেই এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *