Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়ি শহরে দিনভর আতঙ্কের অবসান, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বনে ফেরানো হল দলছুট হাতি

জলপাইগুড়ি শহরে দিনভর আতঙ্কের অবসান, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বনে ফেরানো হল দলছুট হাতি

বুবাই শীল, জলপাইগুড়ি: দিনভর তাণ্ডবের পর মঙ্গলবার ভোর রাতে অবশেষে স্বস্তি ফিরল জলপাইগুড়ি শহরে। রাজবাড়ির পেছন এলাকায় ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করা হল দলছুট হাতিটিকে। পরে আর্থমুভারের সাহায্যে হাতিটিকে তুলে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যায় বন দফতর।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৈকুন্ঠপুর রাজএস্টেটে ঢোকার আগেই শহরের এক দিনমজুরের বাড়িতে ভাঙচুর চালায় হাতিটি। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। এর আগে চা বাগান এলাকা পেরিয়ে হাতির দলটি জলপাইগুড়ি শহরের এসি কলেজ সংলগ্ন মাঠে ঢুকে পড়ে। সারাদিন শহর লাগোয়া করলা ভ্যালি চা বাগান এলাকায় আটকে ছিল হাতির দল।

এই ঘটনায় একটি হাতি গর্তে পড়ে গেলেও পরে বন দফতরের তৎপরতায় সেটিকে উদ্ধার করা হয়। রাতে হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলাকালীন একটি হাতি দিকভ্রান্ত হয়ে শহরের ভিতরে ঢুকে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর ও পুলিশ। বাসিন্দাদের সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়।

শেষ পর্যন্ত ভোর রাতে ঘুমপাড়ানি গুলি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বন দফতরের এই দ্রুত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *