চিত্তরঞ্জন : দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় পরে নতুন কার্যালয় পেল চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেস (সিআরএমসি)।
চিত্তরঞ্জন আর-সেভেন মার্কেট এলাকায় পুরনো সিআরএমসি অফিসের নিকটে অত্যন্ত বিস্তৃত পরিসরে এন এফ আই আর তথা আই এন টি ইউ সি অনুমোদিত শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার অনিল কুমার গুপ্তা প্রদীপ প্রজ্জ্বলন করে নতুন কার্যালয়ের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারখানার চিফ পার্সোনেল অফিসার রঞ্জন কুমার মহান্তি সহ পিসিইই, পিসিএমই, পিসিএমএম, পিসিএমও সহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকেরা।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে মেন্স-এর সভাপতি বিনোদ শর্মা, এন এফ আই আর এর সর্বভারতীয় সহ-সম্পাদক পিএস চতুর্বেদী। এছাড়াও ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের কলকাতা ও আসানসোলের নেতৃত্ববৃন্দ, ডিএসপি ও সেইল-এর ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা এবং পশ্চিম বর্ধমান জেলার আইএনটিইউসি নেতৃত্ব অনুষ্ঠানে যোগ দেন। বহু সাধারণ রেলকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
কার্যালয় উদ্বোধন উপলক্ষে সিআরএমসি-র উদ্যোগে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১৫০ জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ১০০০ জনের জন্য নরনারায়ণ সেবার আয়োজন করা হয়।
সিআরএমসি-র সভাপতি ইন্দ্রজিৎ সিং জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা করাই সংগঠনের মূল লক্ষ্য।
তিনি বলেন, নতুন এই কার্যালয় থেকেই ভবিষ্যতে সংগঠনের সমস্ত কর্মসূচি ও আন্দোলন পরিচালিত হবে। চিত্তরঞ্জনে আগত অবসরপ্রাপ্ত রেলকর্মীদের জন্য প্রয়োজনে এই কার্যালয়ে থাকার ব্যবস্থাও রাখা হয়েছে।
অনুষ্ঠানে সিআরএমসি-র পক্ষ থেকে সভাপতি ইন্দ্রজিৎ সিং ছাড়াও এস কে শাহি, নেপাল চক্রবর্তী, বিদ্যুৎ দাস, দুলাল চার, অভিনব বোস, অমিত সিনহা সহ সংগঠনের অন্যান্য কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন.










