রানিগঞ্জ : এসআইআরের পরে গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। তাতে দেখা গেছে যে প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে আদালতের বিচারকরা এখন এই নামগুলি বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন যে পরের তালিকায় এই নামগুলির মধ্যে কতজন থাকবেন।
এরইমধ্যে বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিএমের রানিগঞ্জ এরিয়া কমিটি রানিগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখায়। সিপিএমের তরফে দাবি করা হয়েছে যে, কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।
এই বিক্ষোভে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) রানিগঞ্জ এরিয়া কমিটির নেতাদের পাশাপাশি দলের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। বিডিওর অনুপস্থিতিতে জয়েন্ট বিডিওকে একটি স্মারকলিপি দেওয়া হয়। যাতে দাবি করা হয় যে, কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। তা প্রশাসনকে এটি নিশ্চিত করতে হবে।
সিপিএমের নেতারা বলেন, আমরা পরে আবারও অফিসে আসবো। এই বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা এবং আন্দোলন অব্যাহত থাকবে।
তাঁরা আরও বলেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ইচ্ছাকৃতভাবে দলিত, সংখ্যালঘু, তফসিলি জাতি এবং উপজাতি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে।










