Home / খবর / জেলায় জেলায় / জয়নগরে দেওয়াল লিখনে প্রচার শুরু কংগ্রেসের

জয়নগরে দেওয়াল লিখনে প্রচার শুরু কংগ্রেসের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: প্রায় ১৫ বছর পর একক লড়াইয়ে বিধানসভা নির্বাচনে নামছে ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রার্থী তালিকা প্রকাশে কিছুটা দেরি হলেও, একসময়ের শক্ত ঘাঁটি জয়নগরে স্কুল শিক্ষক তাপস বৈদ্যকে প্রার্থী করেছে দল।

জয়নগর বিধানসভার সাহাজাদাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা ৫২ বছরের তাপস বৈদ্য বর্তমানে ডায়মন্ড হারবারের ভবানীপুর বিবেকভারতী বিদ্যাপীঠের শিক্ষক। ১৯৯১ সালে ছাত্র রাজনীতির মাধ্যমে কংগ্রেসে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু। ২০১৪ সালে জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। বর্তমানে তিনি কৃষাণ কংগ্রেসের জেলা চেয়ারম্যান পদে রয়েছেন।

প্রার্থী ঘোষণা হতেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তাপস বৈদ্য। বৃহস্পতিবার নিজেই দেওয়াল লিখনের মাধ্যমে জয়নগরে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।

প্রচারের ফাঁকে তাপস বৈদ্য জানান, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এবং স্থানীয় সমস্যাগুলিকেই মূল ইস্যু হিসেবে তুলে ধরছেন। তাঁর কথায়, “জয়নগর একটি কৃষি প্রধান এলাকা। এখানে কোল্ড স্টোরেজ ও খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের অভাব রয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, স্বাস্থ্য পরিকাঠামোর আধুনিকীকরণ জরুরি। পাশাপাশি মিড ডে মিল ব্যবস্থার মানোন্নয়ন দরকার।”

এছাড়া জয়নগর শহরের যানজট সমস্যা মেটাতে একটি বাইপাস নির্মাণের দাবিও তুলেছেন তিনি। এই সব ইস্যুকে সামনে রেখেই ভোটে জয়ের লক্ষ্য স্থির করেছেন কংগ্রেস প্রার্থী।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *