আসানসোল : কয়লা পাচার মামলায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতায় সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠালো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ অফিসার মনোরঞ্জন মন্ডলকে।
শনিবার সকালে এই পুলিশ অফিসারকে ডেকে পাঠানো হয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গেছে। এর পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে দুর্গাপুরের বাসিন্দা বালি কারবারি প্রবীর দত্তকে।
এর আগে গত সোমবার ৯ ফেব্রুয়ারি ইডি সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল রানিগঞ্জ ও দুর্গাপুরের বাসিন্দা কয়লা কারবারি মামা – ভাগ্নে চিন্ময় মন্ডল ও কিরণ খাঁকে। সেদিন ডেকে পাঠানো হয়েছিল পুলিশ অফিসার মনোরঞ্জন মন্ডলকেও।
কিন্তু ইডি সূত্রে খবর, সেদিন তিনি যাননি। তাই তাকে শনিবার আবারও ডেকে পাঠানো হয়েছে। এখন দেখার দ্বিতীয় বারের ডাকে মনোরঞ্জন মন্ডল সাড়া দিয়ে শনিবার সিজিও কমপ্লেক্সে যান কিনা। গত সোমবার দিনভর জেরা করার পরে রাতে গ্রেফতার করা হয় মামা ও ভাগ্নেকে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইডির আধিকারিকদের জেরায় অসহযোগিতা করেছেন। অনেক প্রশ্নের উত্তর তারা দেননি বা এড়িয়ে গেছেন। যে কারণে তাদের গ্রেফতার করা হয়। পরের দিন মঙ্গলবার তাদেরকে আদালতে পেশ করে, আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের হেফাজতে পেয়েছে ইডি।
বালি কারবারি প্রবীর দত্তকে এই প্রথম ডেকে পাঠালো ইডি। দুই কয়লা কারবারি হেফাজতে থাকাকালীন পুলিশ অফিসার ও বালি কারবারিকে ডেকে পাঠানো খুবই তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় ইডির স্ক্যানারে থাকায় গত মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার ওসির পদ থেকে সরানো হয় মনোরঞ্জন মন্ডলকে । তাকে ফিরিয়ে আনা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসবি বা স্পেশাল ব্রাঞ্চে। এই মর্মে মঙ্গলবার রাতে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারের সাক্ষরিত একটি নির্দেশিকা বের হয়।
তাতে বলা হয়েছে, গত ২৭ জানুয়ারি মনোরঞ্জন মন্ডলকে বুদবুদ থানার ওসি পদে পাঠানোর নির্দেশ বাতিল করা হচ্ছে। তাকে এসবিতে ফেরত পাঠানো হচ্ছে। তার পরিবর্তে বুদবুদ থানার নতুন ওসি করা হয়েছে কল্যানেশ্বরী ফাঁড়ির আইসি লাল্টু কুমার পাখিরাকে।
উল্লেখ করা যেতে পারে, গত ৩ ফেব্রুয়ারি দুর্গাপুরে ওসি মনোরঞ্জন মন্ডলের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেদিন সবমিলিয়ে ৯ টি জায়গায় ইডি অভিযান চালায়৷ কলকাতায় হওয়া নতুন একটা কয়লা পাচার মামলায় ইডির এই অভিযান বলে জানানো হয়েছে।










