জামুড়িয়া : এসআইআরে শুনানি পর্ব চলাকালীন ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের অন্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিডিও অফিসে তুলকালাম কাণ্ড ঘটল সোমবার।
এদিন শুনানির সময় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষই মারধরের নালিশ করেছে। এই ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। জামুরিয়া বিডিও অফিসে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
গোটা বিষয় নিয়ে বিজেপির তরফে বিএলএ১ হিরন্ময় বন্দোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ মতো ইআরও আমাদের ফর্ম-৭ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী, আমরা এদিন ফর্ম ৭ নিয়ে বিডিও অফিসে পৌঁছাই। সেখানে পৌঁছে আমরা দেখতে পাই তৃণমূল সমর্থকরা পুরো এলাকা ঘিরে রেখেছে। বিজেপি কর্মীরা বিডিও অফিসে ফর্ম ৭ জমা দিতে ঢোকার চেষ্টা করলে, তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতিরা আমাদের উপর হামলা চালায়। পুলিশের সামনেই আমাদেরকে মারধরা করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ দলদাসে পরিনত হয়েছে। তারা কোনও কিছু করছে না। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতা গোপী পাত্র অভিযোগ করেছেন যে, বিজেপি কর্মীরা প্রকৃত ভোটারদের ভয় দেখাচ্ছে এবং হয়রানি করছে। সেই খবর পেয়ে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তার আরও দাবি, স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিয়েছে।
পুলিশের তরফে বলা হয়েছে, একটা ঘটনা ঘটেছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।










