Home / খবর / জেলায় জেলায় / রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণ, ৮ দিন পর মৃত্যু আহত শিশুর

রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণ, ৮ দিন পর মৃত্যু আহত শিশুর

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ভাঙড়: রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আট দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মারা গেল ৯ বছরের সাদিকুল আহমেদ। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ ঝলসে গিয়েছিল। কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে তার মৃত্যু হয়।

গত ১৭ ফেব্রুয়ারি ভাঙড়ের খড়গাছি এলাকায় রাস্তা তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক ভর্তি একটি ড্রাম আচমকা বিস্ফোরিত হয়। সেই সময় সেখানে খেলছিল চার শিশু। বিস্ফোরণের জেরে চার জনই দগ্ধ হয়। সাদিকুল-সহ তিন জনের অবস্থা গুরুতর ছিল। প্রথমে তাদের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিন জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানেই চলছিল সাদিকুলের চিকিৎসা।

সাদিকুলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পাশাপাশি ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তা সংস্কারের কাজে ব্যবহারের জন্য প্রায় ২০০ লিটার হালকা ডিজেল তেল বোঝাই একটি ড্রাম জনবসতিপূর্ণ এলাকার রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। কেন ওই বিপজ্জনক রাসায়নিক এভাবে রাখা হয়েছিল এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

স্থানীয়দের দাবি, রাস্তার ধারে ওই ড্রাম না থাকলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য দুই আহত শিশুর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *