অন্ডাল : রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা বাকি রয়েছে। কিন্তু নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ।
পশ্চিম বর্ধমান জেলায় এসে পৌছায় বেশ কয়েক কোম্পানি বাহিনী । সন্ধ্যে বেলায় দুর্গাপুরের কাঁকসা থানার বিভিন্ন এলাকায় রুট মার্চ করে বাহিনী। তাদের সঙ্গে ছিল কাঁকসা থানার পুলিশ।
সোমবার অন্ডাল সহ আরও একাধিক জায়গায় রুট মার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে । এদিন সকালে অন্ডাল থানার ওয়ার্কসপ কলোনি থেকে শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এরপর রয়েলিটি মোড়, নাজিরাবাদ, দামোদর কলোনি সহ আশপাশের এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর সঙ্গে এই রুট মার্চে ছিল অন্ডাল থানার পুলিশ।
এলাকার রাস্তাঘাটের সাথে পরিচিত করতেই এই রুট মার্চ বলে থানার এক আধিকারিক জানিয়েছেন । রুট মার্চের সময় স্থানীয় বাসিন্দাদের সাথেও এদিন কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান জেলা বা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় প্রথম পর্যায়ে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা।









